‘দ্য মমি’র সেই ভয়ংকর মমি এবার দক্ষিণী সিনেমায়

এশিয়া পোস্ট বিনোদন
‘দ্য মমি’র সেই ভয়ংকর মমি এবার দক্ষিণী সিনেমায়
বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমায় খলচরিত্রে থাকবেন ‘দ্য মমি’ তারকা আরনল্ড ভসলো। ছবি: সংগৃহীত

হলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘দ্য মমি’তে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমী নেই বললেই চলে। সেই অ্যাডভেঞ্চার সুপারন্যাচারাল ফ্যান্টাসির ভয়ংকর জীবন্ত মমি ‘ইমহোটেপ’ চরিত্রটি সাড়া ফেলে বিশ্বব্যাপী। সেই চরিত্রে অভিনয় করা কালজয়ী খলনায়ক অভিনেতা আরনল্ড ভসলো এবার পা রাখছেন ভারতীয় সিনেমায়।

Advertisement

দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার পরবর্তী সিনেমা ‘রণবালি’-তে দেখা যাবে হলিউড তারকা আরনল্ড ভসলোকে। সিনেমাটির পরিচালক রাহুল সংকীত্তায়ন তার আগামী পিরিয়ড অ্যাকশন ড্রামার প্রধান খলচরিত্রের জন্য এই হলিউড তারকাকে চূড়ান্ত করেছেন। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন বিজয় ও রাশমিকা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি হতে যাচ্ছে এই তারকা জুটির তৃতীয় সিনেমা। সূত্র: ফিল্মফেয়ার ডটকম

‘রণবালি’-তে বাস্তব একটি চরিত্র অবলম্বনে এই ব্রিটিশ খলনায়কের নাম দেওয়া হয়েছে ‘স্যার থিওডর হেক্টর’। পরিচালক জানান, ভারতীয় দর্শকদের কাছে আরনল্ড ভসলোর ‘দ্য মমি’ সিনেমার এক বিশাল নস্টালজিয়া রয়েছে। তাই একজন শক্তিশালী ও নিষ্ঠুর ব্রিটিশ শাসকের চরিত্রের জন্য তিনি মানানসই। তার দারুণ শারীরিক অবয়ব ও ভীতিকর অভিনয় দর্শকদের পুলকিত করবে।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া স্টিফেন সোমার্স পরিচালিত ‘দ্য মমি’ বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। মাত্র ৮০ মিলিয়ন ডলার বাজেটের এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটি বক্স অফিসে ৪২২ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়ে। ছবিটিতে অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের বিপরীতে আরনল্ড ভসলোর সেই এক্সপ্রেসভ চোখ এবং অতিপ্রাকৃতিক দানবের রূপ দর্শকদের মনে আজীবন ভয়ের এক শিহরণ তৈরি করে রেখেছে।

‘রণবালি‘তে বিজয় দেবেরাকোন্ডাকে একজন ত্রাণকর্তা বা ‘মেসায়াহ’ রূপে দেখা যাবে। তবে রাশমিকার চরিত্রটি কিছু অপ্রকাশিত থেকে গেছে। চমক হিসেবে রাশমিকাকে সেখানে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রণবালি’।

‘ব্লাড ডায়মন্ড’ ও ‘জি.আই. জো’র মতো ছবিতে নিজের খল-অভিনয়ের গভীরতা প্রমাণ করা আরনল্ড ভসলোর উপস্থিতি এই দক্ষিণী সিনেমার গল্পে এক নতুন হাইপ তৈরি করেছে। হলিউড ও ভারতীয় সিনেমার এই দুর্দান্ত মেলবন্ধন যে দর্শকদের জন্য বড়সড় চমক হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য!