চাঁদার দাবিতে রোহিত শেট্টিকে প্রাণনাশের হুমকি

এশিয়া পোস্ট বিনোদন
চাঁদার দাবিতে রোহিত শেট্টিকে প্রাণনাশের হুমকি
জনপ্রিয় অ্যাকশন ও কমেডি ছবির নির্মাতা রোহিত শেট্টি। ছবি: সংগৃহীত


বলিউড অঙ্গনে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। চাঁদা দাবি করে জনপ্রিয় অ্যাকশন ও কমেডি ছবির নির্মাতা রোহিত শেট্টিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি অডিও ক্লিপের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, হুমকিদাতারা ‘গোলমাল’ খ্যাত এই পরিচালকের কাছে ২০ কোটি টাকা চাঁদা দাবি করেছে। এ ঘটনার পর বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

মুম্বাই পুলিশ জানায়, রোহিত শেট্টির একজন স্টাফ সদস্য এই অডিও ক্লিপটি পান। দাবি করা টাকা না দিলে রোহিতকে সরাসরি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ক্লিপে। জুহু থানায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অডিও ক্লিপটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

রোহিত শেট্টিকে নিয়ে বিষ্ণোই গ্যাংয়ের এই তৎপরতা এবারই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জুহুতে রোহিতের বাড়ির বাইরে মাঝরাতে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং সে ঘটনার দায় স্বীকার করে। ঘটনার কয়েকদিন পর পুলিশ আগ্রা থেকে মূল শুটার দীপক শর্মাকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে রোহিত শেট্টি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গোলমাল ৫’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে কিছুদিন আগেই যুক্ত হয়েছেন অক্ষয় কুমার। সূত্র: সিনেএক্সপ্রেস

এই চরম আতঙ্কের মধ্যেই অবশ্য রোহিত কাজ চালিয়ে যাচ্ছেন। শিগগির তাকে ছোটপর্দায় জনপ্রিয় রিয়ালিটি শো ‘খাতরো কা খিলাড়ি’র ১৫তম সিজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে।

এর আগে মুম্বাইয়ে ২০২৪ সালে সালমান খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সমাজমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এই গুলিবর্ষণের দায় স্বীকার করে।

বিনোদন দুনিয়ায় এই হুমকি যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনই রোহিতের আসন্ন প্রজেক্টগুলো নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।