এক ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, সবগুলো বাংলাদেশের আশপাশে

বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী সীমান্ত এলাকায় এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এসব ভূমিকম্পের উৎপত্তি হয় ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত ও মেঘালয় অঞ্চলে।
ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভারতের মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পটির উপকেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে ছিল।
এর প্রায় পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৭ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি হয় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায়। এটির ছিল ৩ মাত্রার এবং উপকেন্দ্র মাত্র ৭ কিলোমিটার গভীরে।
সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয় রাজ্যে, সুনামগঞ্জের উত্তরের এলাকায় তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প সংগঠিত হয়।
এর আগে রোববার (২৮ জুন) রাতেও কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
দেশে ভেতরে সর্বশেষ গত ২২ জুন রাত ৯টা ২৮ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাত্রার একটি ভূমিকম্প সংগঠিত হয়। ভূপৃষ্ঠের ১৬ কিমি গভীরতায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্প ঢাকা ও আশেপাশের এলাকায় অনুভূত হয়।






