জানাজার নামাজের দোয়া

এশিয়া পোস্ট নিউজ
জানাজার নামাজের দোয়া

জানাজা শব্দের অর্থ মরদেহ। কোনো মুসলিম মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, এর নাম জানাজা। জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো, দুয়েকজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গোনাহগার হয়। 

জানাজা নামাজের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না। এ নামাজ শুধু পুরুষরা পড়বে। নারীদের এতে অংশগ্রহণের বিধান নেই। 

জানাজার নামাজের নিয়ত
মনের ইচ্ছায় নিয়ত। তবে মনে মনে এভাবে নিয়ত করা যেতে পারে—‘আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি।’

জানাজা নামাজের নিয়ম
কান পর্যন্ত হাত উঠিয়ে প্রথম তাকবিরের পর হাত বেঁধে সানা পড়তে হবে। দ্বিতীয় তাকবিরের পর পড়তে হবে দরুদ শরিফ। এরপর তৃতীয় তাকবিরের পর দোয়া পড়ে চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। প্রতিটি তাকবিরে ‘আল্লাহু আকবার’ বলতে হবে।

সানা হলো—

উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।

অর্থ: হে আল্লাহ, সব প্রশংসা আপনার। আপনি সব ধরনের ত্রুটিবিচ্যুতি থেকে পবিত্র। আপনার নাম মঙ্গল ও বরকতপূর্ণ। আপনার মহত্ত্ব অতি বিরাট, আপনার প্রশংসা অতি মহত্ত্বপূর্ণ এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্রভু নেই। 

এরপর দ্বিতীয় তাকবির বলে দরুদ পড়তে হবে। এই তাকবিরে হাত উঠানো যাবে না। দরুদটি হলো—

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহহিমা, ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা কারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।

অর্থ: হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে রহমত বর্ষণ করো, যেমনভাবে করেছ ইবরাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত। হে আল্লাহ, মুহাম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের ওপর এমনভাবে বরকত দাও, যেমনভাবে দিয়েছ ইবরাহিম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় তুমি মহান এবং প্রশংসিত।

জানাজা নামাজের দোয়া 

এরপর তৃতীয় তাকবির বলে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। তখনো হাত উঠানো যাবে না। মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী হলে এ দোয়া পড়তে হবে— 

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফা আহয়িহি আলাল ইসলাম। ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ইমান। 

অর্থ: হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং অনুপস্থিত, ছোট ও বড়দের এবং আমাদের নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যু দান করবেন, তাকে ইমানের সঙ্গেই মৃত্যু দিন। হে আল্লাহ, এর সওয়াব থেকে আমাদের বঞ্চিত করবেন না এবং এরপর আমাদের পথভ্রষ্ট করবেন না। 

মৃত ছেলেশিশু হলে এ দোয়া পড়তে হবে—

উচ্চারণ: আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতও, ওয়াজ আলহু লানা আজরাও, ওয়া জুখরাও, ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। 

অর্থ: হে আল্লাহ, এই বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও। তার জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও। তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার কাছে কবুল হয়। 

মৃত মেয়েশিশু হলে এ দোয়া পড়তে হবে—

উচ্চারণ: আল্লাহুম্মাজ আলহা লানা ফারাতও, ওয়াজ আলহা লানা আজরাও, ওয়া জুখরাও, ওয়াজ আলহা লানা শাফিতাও ওয়া মুশাফফাআ।

অর্থ: হে আল্লাহ, এই বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও। তার জন্য যে দুঃখ, তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও। তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার কাছে কবুল হয়।