একরামুল হত্যা/শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের নামে পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এই প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এই মামলার প্রতিবেদন দাখিল করা হয়।
২০১৮ সালে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান শুরু হলে একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনবারের কাউন্সিলর একরামুল হক। নিহত একরামুল টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
ঘটনার পরপরই একে ‘ঠান্ডা মাথায় হত্যা’ বলে দাবি করেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলন করে তিনি এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে একরামুলের স্ত্রী কথিত ওই বন্দুকযুদ্ধের সময় মোবাইল ফোনে রেকর্ডকৃত কথোপকথনের কিছু অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেন। অডিওগুলোতে পিঠটান দেওয়া ও রক্ত হিম করা কথোপকথনের পাশাপাশি রিভলবারের ট্রিগার টানা, গুলির শব্দ এবং পরবর্তী সময়ে এক ব্যক্তির গোঙানির আওয়াজ শোনা যায়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
.png)






