চুলের যত্নে এই ১০ ভুল আপনিও করছেন না তো

এশিয়া পোস্ট নিউজ
চুলের যত্নে এই ১০ ভুল আপনিও করছেন না তো

সুন্দর, ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল সবারই কাম্য। তাই চুলের যত্ন নিয়ে অনেকেই সচেতন থাকার চেষ্টা করেন। তবে অনেক সময় না বুঝেই আমরা এমন কিছু অভ্যাস গড়ে তুলি, যা চুলের উপকারের বদলে ক্ষতিই করে। প্রতিদিনের ছোট ছোট ভুলের কারণেই ধীরে ধীরে চুল দুর্বল হয়ে পড়তে পারে, বাড়তে পারে চুল পড়ার সমস্যাও।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে এমন ১০টি সাধারণ ভুল সম্পর্কে, যেগুলো অনেকেই অজান্তেই করে থাকেন।

প্রতিদিন চুলে তেল দেওয়া

আগে অনেকেই মনে করতেন প্রতিদিন তেল দিলে চুল ঘন ও লম্বা হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন তেল ব্যবহার করলে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যেতে পারে। সাধারণত সপ্তাহে একবার তেল ব্যবহার করাই যথেষ্ট। তবে চুল খুব শুষ্ক হলে দুই দিন পরপর হালকা তেল ম্যাসাজ করা যেতে পারে।

সঠিকভাবে চুল ধোয়ার অভ্যাস না থাকা

অনেকে প্রতিদিন শ্যাম্পু করেন, আবার কেউ কেউ অনেক দিন পরপর চুল ধুয়ে থাকেন। আসলে চুল কত ঘন ঘন ধোয়া উচিত, তা নির্ভর করে মাথার ত্বকের ধরন অনুযায়ী। যাদের স্ক্যাল্প বেশি তৈলাক্ত, তাদের তুলনামূলক বেশি বার চুল ধোয়া প্রয়োজন। আর যাদের স্ক্যাল্প স্বাভাবিক বা শুষ্ক, তাদের খুব ঘন ঘন শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়া

খুব গরম পানি দিয়ে চুল ধোয়া চুলের জন্য ক্ষতিকর। এতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে এবং চুল দুর্বল হয়ে পড়ে। চুল ধোয়ার জন্য স্বাভাবিক তাপমাত্রার পানি সবচেয়ে ভালো। প্রয়োজনে কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে।

শ্যাম্পুর ভুল ব্যবহার

অনেকে সরাসরি চুলে বেশি পরিমাণ শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে। শ্যাম্পু ব্যবহারের আগে অল্প পানির সঙ্গে মিশিয়ে নেওয়া ভালো। এরপর আলতোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। খুব জোরে ঘষাঘষি করলে ভেজা চুল সহজেই ভেঙে যেতে পারে।

চুলে ময়েশ্চারাইজার ব্যবহার না করা

চুলে আর্দ্রতার অভাব থাকলে তা দ্রুত শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা ভালো। এ ছাড়া সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল নরম ও মসৃণ থাকে। চাইলে প্রাকৃতিক উপাদান দিয়েও ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করা যায়।

হেয়ার ড্রায়ারের ভুল ব্যবহার

চুল স্বাভাবিকভাবে শুকানোই সবচেয়ে ভালো। তবে প্রয়োজন হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে তাপমাত্রা কম রাখতে হবে এবং চুল থেকে কিছুটা দূরে রেখে ব্যবহার করতে হবে। খুব ভেজা চুলে সরাসরি ড্রায়ার ব্যবহার করলে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভুল চিরুনি ব্যবহার

bigStoryContent

চুল আঁচড়ানোর সময় সঠিক চিরুনি ব্যবহার করা জরুরি। বিশেষ করে ভেজা চুলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করলে চুল কম ভাঙে। চিকন দাঁতের চিরুনি ব্যবহার করলে জট ছাড়াতে গিয়ে চুল ছিঁড়ে যেতে পারে।

চুল খুলে ঘুমানো

অনেকেই চুল খুলে ঘুমান। এতে চুলে সহজেই জট লাগে এবং ঘর্ষণের কারণে চুল ভেঙে যেতে পারে। তাই যাদের চুল বড়, তারা ঘুমানোর আগে হালকা করে বেঁধে নিতে পারেন।

ভেজা চুলে ঘুমানো

ভেজা চুলে ঘুমানো চুলের জন্য খুবই ক্ষতিকর অভ্যাস। এতে চুল ঠিকমতো শুকায় না এবং চুলের গোড়া দুর্বল হয়ে যায়। ফলে চুল পড়ার সমস্যাও বাড়তে পারে। তাই চুল ভালোভাবে শুকানোর পরই ঘুমাতে যাওয়া উচিত।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

খাদ্যাভ্যাসের প্রভাব সরাসরি চুলের ওপর পড়ে। অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর খাবার শরীরে প্রদাহ তৈরি করতে পারে, যা চুলের ক্ষতি করে। তাই পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সবশেষে বলা যায়, চুলের যত্নে শুধু দামি পণ্য ব্যবহার করাই যথেষ্ট নয়। সঠিক অভ্যাস ও নিয়ম মেনে চলাই চুল ভালো রাখার মূল চাবিকাঠি। ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলতে পারলেই চুল থাকবে সুস্থ ও সুন্দর।

সূত্র : সাজগোজ