চুল ঘন করার সহজ ৭ উপায় জানালেন বিশেষজ্ঞ

চুল পড়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ঘরে বসেই চুলের ঘনত্ব বাড়ানো এবং স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এ বিষয়ে ট্রাইকোলজিস্ট ও হেয়ার লস বিশেষজ্ঞ শওনা এনরাইট নিয়মিতভাবে চুল ও স্ক্যাল্পের যত্ন নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
সম্প্রতি তিনি এমন কিছু সহজ টিপস শেয়ার করেছেন, যেগুলো নিয়মিত অনুসরণ করলে চুলের ঘনত্ব বজায় রাখা এবং চুলের বৃদ্ধি উন্নত করা যায়। এসব অভ্যাস খুব সহজেই দৈনন্দিন জীবনে যুক্ত করা সম্ভব।
স্ক্যাল্প ম্যাসাজ করুন : নরমভাবে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। প্রতিদিন মাত্র ৩ থেকে ৫ মিনিট সময় দিলেই উপকার পাওয়া যায়।
প্রোটিনসমৃদ্ধ খাবার খান : চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি। তাই ডিম, মাছ, ডাল, দুধ ও বাদামজাতীয় খাবার নিয়মিত খেলে চুল মজবুত ও ঘন হতে সাহায্য করে।
মৃদু ও সালফেটমুক্ত পণ্য ব্যবহার করুন : কঠিন রাসায়নিকযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে এবং স্ক্যাল্পে জ্বালা সৃষ্টি করতে পারে। তাই সবসময় মৃদু ও সালফেটমুক্ত পণ্য ব্যবহার করা ভালো।
প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট নিন : বায়োটিন, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
নিয়মিত যত্ন বজায় রাখুন : চুলের পরিবর্তন রাতারাতি হয় না। আজকের যত্নের ফল পেতে সময় লাগে। তাই ধৈর্য ধরে নিয়মিত যত্ন নেওয়া জরুরি।
সিল্কের বালিশের কভার ব্যবহার করুন : সিল্কের কভার চুলের ঘর্ষণ কমায়, ফলে চুল ভাঙা কম হয়। বিশেষ করে যাদের চুল পাতলা বা দুর্বল, তাদের জন্য এটি বেশ উপকারী।
টাইট হেয়ারস্টাইল এড়িয়ে চলুন : খুব টাইট করে চুল বাঁধলে চুলের গোড়ায় চাপ পড়ে এবং ট্র্যাকশন অ্যালোপেশিয়া হতে পারে। তাই ঢিলেঢালা স্টাইল রাখুন বা মাঝে মাঝে চুল খোলা রাখুন।
চুলের স্বাস্থ্য ভালো রাখতে দামী পণ্য বা জটিল ট্রিটমেন্ট সবসময় প্রয়োজন হয় না। বরং নিয়মিত কিছু সহজ অভ্যাসই চুলকে করে তুলতে পারে ঘন, মজবুত ও প্রাণবন্ত। সঠিক খাদ্যাভ্যাস, যত্ন এবং ধৈর্য ধরে নিয়ম মেনে চললে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস





