সুগার নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিস রোগীরা রাতে যেসব খাবার খেতে পারেন

রাতের বেলা হঠাৎ ক্ষুধা লাগা খুবই স্বাভাবিক। কিন্তু ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চাইলে ঘুমানোর আগে কী খাবেন, তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। ভুল খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, আবার খুব কম খেলে মাঝরাতে ক্ষুধায় ঘুম ভেঙে যেতে পারে।
তাই প্রয়োজন এমন কিছু হালকা তবে পুষ্টিকর খাবার, যা পেট ভরাবে কিন্তু রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়াবে না। চলুন জেনে নেওয়া যাক এমন ৬টি খাবারের কথা।
টক দই
টক দইয়ে প্রচুর প্রোটিন থাকে এবং এতে চিনি কমবা নেই বললেই চলে, বিশেষ করে যদি প্লেইন বা চিনি ছাড়া দই বেছে নেন। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজম ধীর করে, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ে না।
এছাড়া এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এবং ক্যালসিয়াম ঘুম ভালো হতেও সাহায্য করতে পারে। চাইলে ছোট এক বাটি দই খেতে পারেন, তবে অতিরিক্ত মিষ্টি যোগ না করাই ভালো।
এক মুঠো কাঠবাদাম
কাঠবাদামে কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম ঘুমের মান উন্নত করতে পারে।
ঘুমানোর আগে এক মুঠো বাদাম খেলে পেট ভরা থাকে এবং মাঝরাতে ক্ষুধা কম লাগে। তবে অতিরিক্ত না খাওয়াই ভালো।
সেদ্ধ ডিম
ডিমে কার্বোহাইড্রেট কম থাকলেও প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি থাকে প্রচুর। তাই এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
এছাড়া ডিমে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। তাই রাতে সেদ্ধ ডিম হতে পারে অন্য খাবারের ভালো বিকল্প।
মুগ ডালের স্যুপ
হালকা গরম মুগ ডালের স্যুপ রাতে খুব আরামদায়ক একটি খাবার। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করা হঠাৎ বাড়ে না।
স্বাদ ও হজমের জন্য এতে সামান্য ঘি, গোটা জিরা বা হিং যোগ করা যেতে পারে। এটি শরীরকে আরাম দেয় এবং ভালো ঘুমে সাহায্য করে।

পনির
পনিরে কার্বোহাইড্রেট কম এবং কেসিন প্রোটিন বেশি থাকে, যা ধীরে হজম হয়। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং রাতে অতিরিক্ত ক্ষুধা কম লাগে।
চাইলে হালকা গোলমরিচ বা হার্বস ছিটিয়ে কয়েক টুকরো পনির খেতে পারেন।
চিয়া পুডিং
চিয়া বীজ, চিনি ছাড়া দুধ এবং সামান্য দারুচিনি বা ভ্যানিলা দিয়ে তৈরি চিয়া পুডিং হতে পারে স্বাস্থ্যকর রাতের খাবার।
চিয়া সিডে প্রচুর ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা হজম ধীর করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিলে রাতে কয়েক চামচ খাওয়া সহজ হয়।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
- ঘুমানোর আগে অতিরিক্ত মিষ্টি, ভাজাপোড়া বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন
- রাতের খাবার খুব দেরিতে না খাওয়াই ভালো
- পর্যাপ্ত পানি পান করুন
- ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস মেনে চলুন
সঠিক রাতের খাবার শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণেই সাহায্য করে না, বরং ভালো ঘুম ও সার্বিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।
সূত্র: এনডিটিভি
.png)







