গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান মামুনুল হকের

মোহাম্মদপুর-আদাবরসহ দেশের বিভিন্ন এলাকার গ্যাস সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হক। দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকায় কোথাও গ্যাস সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে, স্বাভাবিকভাবে রান্নাবান্না করাও সম্ভব হচ্ছে না। ফলে হাজারো পরিবার সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। গ্যাসের অভাবে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য খাবার প্রস্তুত করা, এমনকি বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করার মতো নিত্যপ্রয়োজনীয় কাজও ব্যাহত হচ্ছে।
তার মতে, এটি শুধু সেবাগত সমস্যা নয়; বরং জনস্বাস্থ্য ও নাগরিক জীবনের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস, সরবরাহ ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত বিকল্প ব্যবস্থার অভাব বর্তমান সংকটকে আরও জটিল করে তুলেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তার দাবি, মোহাম্মদপুর, আদাবরসহ দেশের বিভিন্ন এলাকায় সংকট আরও প্রকট হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি সরকারি আশ্বাস বাস্তবায়ন নিয়েও জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্যাস সংকটের প্রকৃত কারণ, বর্তমান পরিস্থিতি এবং সমাধানের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে অবহিত করতে হবে। জনগণের জানার অধিকার রয়েছে—কেন এই সংকট সৃষ্টি হয়েছে, কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং এ সময়ে সরকার কী কী কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জানিয়ে মামুনুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, গ্যাস অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি।
সরকার জনগণের এ দুর্ভোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, আশা মামুনুল হকের। একই সঙ্গে তিনি আশা করেন, সরকার গ্যাস সংকটের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তথ্য প্রকাশ করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশবাসীর দুর্ভোগের অবসান ঘটাবে।
.png)



-8dc2f2.jpg)
-214b3d.jpg)

