সৌদিতে বাংলাদেশির নির্যাতনের অভিযোগ, দেশে ফেরার আকুতি আবু হানিফের

রফিক চৌধুরী, জেদ্দা (সৌদি আরব)
সৌদিতে বাংলাদেশির নির্যাতনের অভিযোগ, দেশে ফেরার আকুতি আবু হানিফের
ভুক্তভোগী আবু হানিফ। ছবি: এশিয়া পোস্ট

উন্নত জীবনের আশায় সাত মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন বাংলাদেশি কর্মী আবু হানিফ। কিন্তু সেখানে এক বাংলাদেশি নিয়োগকর্তার নির্যাতন ও বেতন না পাওয়ার অভিযোগে এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরার অপেক্ষায় আছেন।

আবু হানিফ সৌদি আরবের তায়েফ শহরের একটি হোটেলে কাজ নেন। তার অভিযোগ, হোটেলটির মালিক ঢাকার মিরপুরের বাসিন্দা আলী নামের এক বাংলাদেশি। গত চার মাস ধরে কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া হয়নি। পাওনা বেতন চাইতে গেলে নিয়োগকর্তা তাকে মারধর করেন, গালাগাল দেন এবং রক্তাক্ত অবস্থায় হোটেল থেকে বের করে দেন।

নির্যাতনের কারণে তার পায়ে গুরুতর আঘাত লাগে। চিকিৎসার অভাবে ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে তিনি চিকিৎসা ও খাদ্যসংকটে ভুগছেন।

আবু হানিফের দেশে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও সন্তানের জন্য একটি উপহারও পাঠাতে পারেননি। শারীরিক যন্ত্রণার পাশাপাশি এই অসহায়ত্বই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

আবু হানিফ বাংলাদেশ সরকারের কাছে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি জানার পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে।

জেদ্দায় বাংলাদেশের লেবার কাউন্সিলর খোন্দকার সিরাজুল সালেকিন জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আবু হানিফকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে কনস্যুলেটের উদ্যোগে আবু হানিফের খাবার, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।