চোখে রডের আঘাত পাওয়া আলিফের দৃষ্টিশক্তি নিয়ে শঙ্কা সারজিসের

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ১৮ বছর বয়সি আলিফের চোখে রড দিয়ে আঘাত করা হয়। আঘাতের ফলে আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ৫৬ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ শঙ্কার কথা জানান।
পোস্টে সারজিস আলম বলেন, গতকালকে (মঙ্গলবার) যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম।
তিনি বলেন, হাসপাতালের গেটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের ওপর আক্রমণ করে। আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত পড়ছিল। প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা। সঙ্গে সঙ্গে আলিফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি।
সবশেষ আলিফের বর্তমান অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে সারজিস বলেন, একটু আগে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে কথা হলো। তিনি শুধু দুইটা বাক্য বলেছেন— আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ! দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করুন।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এতে সারজিস ও নাসীরুদ্দীনসহ অন্তত ১৫ জন আহত হন।
.png)






