১৯৯০ সালের স্মৃতিতে ফিরল ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশ নরওয়ে। নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।
এর মধ্য দিয়ে ৩৬ বছর পর আরেকটি অঘটনের জন্ম দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো ব্রাজিলকে।
১৯৯০ সালে গ্রুপ পর্বে সুইডেন, কোস্টারিকা ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে যায় ব্রাজিল। সেবার আর্জেন্টিনার সঙ্গে ০-১ গোলে হেরে এই স্টেজ থেকে বিদায় নেয় ব্রাজিল।
এরপর ১৯৯৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠেছিল সেলেসাওরা। এবার নওয়ের সঙ্গে হেরে সেই পুরোনো স্মৃতিতে ফিরে গেছে নেইমাররা।
দুর্দান্ত লড়াইয়ে ভরা ম্যাচে ৭৯ মিনিটের হেডে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তার নিচু শট আলিসনকে পরাস্ত করলে জয় একরকম নিশ্চিত হয়ে যায় নরওয়ের। শেষ দিকে নেইমার এক গোল শোধ করলেও তা কেবল সান্ত্বনা হয়েই ছিল।
এর আগে প্রথমার্ধে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। সহজ সুযোগ হাতছাড়া করেছেন এনদ্রিকও।
অন্যদিকে নরওয়ে গড়ছে নতুন ইতিহাস। বিশ্বকাপে এটিই তাদের সেরা সাফল্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইংল্যান্ড।
এই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ৭ গোল করা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেবে ছুঁয়ে ফেললেন হলান্ড।





