পাকিস্তান সিরিজের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ অমিত হাসান ও তানজিদ তামিম

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন দুই ব্যাটার অমিত হাসান ও তানজিদ হাসান তামিম।
রোববার ঘোষিত দলে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞদের মধ্যে দলে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। বোলিং বিভাগে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করা তানজিদ তামিম এবার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। ২৫ বছর বয়সি এই বাঁহাতি ওপেনারের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডও বেশ ভালো। ২৫ ম্যাচে ৪০ গড়ে করেছেন ১৭৯২ রান।
অন্যদিকে ২৩ বছর বয়সি ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার গড় ৪৯।
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট দলে ফিরলেন। প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসানও।
জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার জানান, টেস্ট ক্রিকেটের ভাবনায় অনেক দিন ধরেই ছিলেন তানজিদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো রেকর্ড থাকায় তাকে সুযোগ দেওয়ার সময় এসেছে বলে মনে করছেন নির্বাচকরা। তানজিদের টেকনিক ও স্বাভাবিক সামর্থ্যের প্রশংসাও করেন তিনি।
অমিত হাসানকে নিয়ে বাশার বলেন, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন। তার ধৈর্য ও টেম্পারামেন্ট টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী বলেই মনে করছে নির্বাচক প্যানেল।
বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
.png)




-f73a51.webp)
