বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলের দেখা হতে পারে কবে

এবারের বিশ্বকাপে অবশেষে দেখা মিলতে পারে বহু প্রতিক্ষীত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই নিজ নিজ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। তবে শেষ ৩২ বা শেষ ১৬-তে নয়, ব্র্যাকেটের হিসাব অনুযায়ী দুই দল মুখোমুখি হতে পারে সম্ভাব্য সেমিফাইনালে।
ব্র্যাকেটের বর্তমান পথ বলছে, আর্জেন্টিনা ও ব্রাজিল একই পাশে আছে। তবে তাদের দেখা হতে হলে দুই দলকেই আগে শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল পেরোতে হবে। সব বাধা পার হলেই ১৫ জুলাই আটলান্টায় সম্ভাব্য সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি। বাংলাদেশ সময় ম্যাচটি হবে ১৬ জুলাই রাত ১টায়।
আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে প্রথম দুই ম্যাচ জিতেই শেষ ৩২ নিশ্চিত করে। লিওনেল স্কালোনির দল প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায়, এরপর অস্ট্রিয়াকে হারায় ২-০ ব্যবধানে। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে মুখোমুখি ফলের হিসাবে এগিয়ে থাকায় শেষ ম্যাচ বাকি থাকলেও গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
অন্যদিকে ব্রাজিল গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখে। কার্লো আনচেলত্তির দল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে, ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল ও মরক্কো দুদলই ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপসেরা হয় ব্রাজিল।
নকআউটের প্রথম ধাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দলের বিপক্ষে। সেই গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। গ্রুপের শেষ রাউন্ড শেষে আর্জেন্টিনার প্রতিপক্ষ পরিষ্কার হবে। আর্জেন্টিনার শেষ ৩২-এর ম্যাচ হবে ৩ জুলাই মায়ামিতে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৪ জুলাই ভোর ৪টায়।
ব্রাজিলের প্রতিপক্ষও এখনও নির্ধারিত হয়নি। গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় দলের মুখোমুখি হবে আনচেলত্তির দল। সেই জায়গার জন্য লড়াইয়ে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ হবে ২৯ জুন হিউস্টনে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই ফুটবলের সবচেয়ে বড় ক্লাসিকগুলোর একটি। দুই দলের লড়াইয়ে ইতিহাস, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং তারকার উপস্থিতি সবসময়ই আলাদা উত্তাপ তৈরি করে। ২০২৬ বিশ্বকাপে সেই লড়াই যদি সত্যিই হয়, সেটি হবে শিরোপার এক ধাপ আগে, সেমিফাইনালে।
সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের নকআউট পর্ব আলাদা চাপের জায়গা। এখানে সাম্প্রতিক ফর্ম, পুরোনো ইতিহাস কিংবা নামের ওজন, কোনো কিছুই একা যথেষ্ট নয়।
আর্জেন্টিনার জন্য বড় ভরসা মেসির অভিজ্ঞতা, গোলের ছন্দ এবং দলের ভারসাম্য। ব্রাজিলের জন্য বড় শক্তি ভিনিসিয়ুস জুনিয়রের ফর্ম, নেইমারের ফেরা এবং আনচেলত্তির অধীনে ধীরে ধীরে সংগঠিত দল হয়ে ওঠা। দুদল যদি নিজেদের পথ ধরে এগোতে পারে, তাহলে ২০২৬ বিশ্বকাপ পেতে পারে এক স্বপ্নের সেমিফাইনাল।





