মিশরের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়লেন মেসি

এশিয়া পোস্ট স্পোর্টস
মিশরের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়লেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে লিওনেল মেসি শুধু দলকে কোয়ার্টার ফাইনালে তুলেননি, গড়েছেন একাধিক ঐতিহাসিক রেকর্ডও। প্রথমার্ধে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে গোল ও অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

মিশরের বিপক্ষে ম্যাচে মেসির গড়া উল্লেখযোগ্য রেকর্ডগুলো তুলে ধরা হলো—

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

মিশরের জালে গোল করে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের গোল ১৯টি।

অ্যাসিস্টে ম্যারাডোনাকে ছাড়ালেন

ক্রিস্তিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ৯-এ উন্নীত করেছেন মেসি। এতে তিনি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ড ছাড়িয়ে যান।

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৮। ৭ গোল করা আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন।

আর্জেন্টিনার এক আসরের গোলরেকর্ডে ভাগ বসালেন

একটি বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ডটি ১৯৩০ সালে গড়েছিলেন গিয়ের্মো স্তাবিলে। মিশরের বিপক্ষে গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল

২০২২ কাতার বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ৯টি ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। এই ধারাবাহিকতায় আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে গোল করেছেন তিনি।

নকআউটে নতুন ইতিহাস

বিশ্বকাপের নকআউট পর্বে টানা ৬ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েছেন মেসি। এর আগে ব্রাজিলের লিওনিদাস দা সিলভা, ভাভা এবং হাঙ্গেরির জর্জ সারোসির টানা ৫ ম্যাচে গোলের রেকর্ড ছিল।

৩৫ বছর বয়সের পর সর্বোচ্চ গোল

৩৫ বছর বয়স পার হওয়ার পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৫, যা অন্য কোনো ফুটবলারের নেই।

সবচেয়ে বেশি বয়সে গোল ও অ্যাসিস্ট

মিশরের বিপক্ষে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়া ফুটবলার হয়েছেন মেসি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের নিলস লিডহোমের দখলে ছিল এই রেকর্ড।

এক আসরে দুই পেনাল্টি মিসের রেকর্ড

মিশরের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করে বিশ্বকাপের এক আসরে দুইবার পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হয়েছেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে পারেননি তিনি। ছয়টি বিশ্বকাপ মিলিয়ে নেওয়া ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেসি। আগামী ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তার রেকর্ডের খাতায় নতুন কোনো অধ্যায় যোগ হয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।