ফিফা সভাপতিকে কেন ফোন করেছিলেন, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড নিয়ে বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বালোগানের লাল কার্ডের ঘটনা পুনর্বিবেচনা করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তিনি অনুরোধ করেছিলেন। তবে সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে কোনো নির্দেশ দেননি বলেও দাবি করেছেন ট্রাম্প।
রয়টার্সকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি শুধু রিভিউ চাইছিলাম। কারণ, আমার মনে হয়নি ওটা ফাউল ছিল।’
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ভিএআর দেখে সেই সিদ্ধান্ত দেওয়া হয়। নিয়ম অনুযায়ী তার অন্তত এক ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল, ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। পরে ফিফা তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের স্থগিতাদেশে কার্যকর করে। তবে লাল কার্ডটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি।
ট্রাম্পের ভাষায়, ঘটনাটি ছিল দুই খেলোয়াড়ের স্বাভাবিক সংঘর্ষ। তিনি বলেন, ‘আমি ঘটনাটা দেখেছি। ওটা ফাউল ছিল না। এমনকি ইনফ্র্যাকশনও ছিল না। দুজন খেলোয়াড় পূর্ণ গতিতে দৌড়াচ্ছিল, তারপর একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে।’
রেফারির সিদ্ধান্ত নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, সিদ্ধান্তটি ছিল ‘জঘন্য’। ফিফা পরে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় সেটিকে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলেও প্রশংসা করেন তিনি।
তবে নিজের ভূমিকা নিয়ে ট্রাম্পের দাবি, তিনি শুধু পুনর্বিবেচনার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি তাদের কী করতে হবে, তা বলিনি। আমি সেটা বলতে পারি না।’
একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতো দলের জন্য বড় ম্যাচে সেরা খেলোয়াড়দের মাঠে থাকা গুরুত্বপূর্ণ।
ফিফার এই সিদ্ধান্ত ফুটবল দুনিয়ায় বড় বিতর্ক তৈরি করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সিদ্ধান্তটিকে সমালোচনা করেছে। তাদের মতে, নিয়মের নিশ্চয়তা যদি নিয়ম রক্ষাকারীদের কাছেই অনিশ্চিত হয়ে যায়, তাহলে প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
বেলজিয়ামও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। কারণ, বালোগান খেলতে পারলে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ শক্তিশালী হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বালোগানের ম্যাচে খেলার যোগ্যতা চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।
এই ঘটনায় ফিফার শৃঙ্খলা প্রক্রিয়া এখন নতুন করে প্রশ্নের মুখে। লাল কার্ডের শাস্তি স্থগিত হওয়া ফুটবলে একেবারে অস্বাভাবিক নয়, কিন্তু বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্টের ফিফা সভাপতির কাছে রিভিউ চাওয়ার বিষয়টি বিতর্ককে রাজনৈতিক মাত্রা দিয়েছে।
বালোগান এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তিন গোল করা এই স্ট্রাইকারকে বেলজিয়ামের বিপক্ষে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় স্বস্তি। কিন্তু তার নিষেধাজ্ঞা স্থগিতের পদ্ধতি নিয়ে প্রশ্ন থামছে না।
সূত্র: রয়টার্স





