নরওয়ে কোচের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন আনচেলত্তি

ব্রাজিলকে হারানোর রাতটা নরওয়ের ফুটবল ইতিহাসে বহুদিন মনে থাকবে। কিন্তু ২-১ গোলের সেই ঐতিহাসিক জয়ের পরও ভালো করে ঘুমাতে পারেননি নরওয়ে কোচ স্তলে সলবাক্কেন। উত্তেজনা, ক্লান্তি, বার্তা আর আবার ম্যাচ দেখা, সব মিলিয়ে তার রাত কেটেছে প্রায় নির্ঘুম। তবে সেই রাতের আরেকটি গল্প আলাদা করে বললেন তিনি। সেটি কার্লো আনচেলত্তির সৌজন্যের গল্প।
নরওয়ের কোচ জানিয়েছেন, ম্যাচ শেষে ব্রাজিল কোচ আনচেলত্তি তার জন্য একটি বিশেষ উপহার পাঠিয়েছিলেন। সেটি ছিল পেছনে সলবাক্কেনের নাম লেখা ব্রাজিলের একটি জার্সি, সঙ্গে শুভেচ্ছা বার্তা। এই উপহার দিয়ে ম্যাচের আগে তৈরি হওয়া ছোট্ট বিতর্কও যেন শেষ করে দেন ইতালিয়ান কোচ।
ব্রাজিল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সলবাক্কেনের একটি ভিডিও। আইভরি কোস্টকে হারানোর পর তাকে বলতে শোনা যায়, ‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি।’ অনেক ব্রাজিল সমর্থক সেটিকে উসকানিমূলক মন্তব্য হিসেবে নিয়েছিলেন। তবে সলবাক্কেনের দাবি, কথাটি প্রেক্ষাপটের বাইরে ছড়ানো হয়েছিল।
ম্যাচ শেষে আনচেলত্তির আচরণে সেই ভুল বোঝাবুঝির কোনো ছাপ ছিল না। সলবাক্কেন জানান, আনচেলত্তি নিজের বড়ত্ব দেখিয়েছেন। একজন প্রতিনিধির মাধ্যমে তার নামে ব্রাজিলের জার্সি ও শুভেচ্ছা পাঠিয়েছেন। নরওয়ে কোচের কাছে মুহূর্তটি ছিল আবেগী ও স্মরণীয়।
মাঠে অবশ্য নরওয়েই লিখেছে ইতিহাস। আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও নরওয়ের জয় আটকাতে পারেননি।
ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের উদ্যাপনের সুযোগ দিয়েছিলেন সলবাক্কেন। তবে নিজে খুব বেশি উৎসবে যোগ দেননি। তিনি জানান, ক্লান্ত হয়ে বিছানায় গিয়েছিলেন, কিন্তু ঘুম আসেনি। আবার ম্যাচ দেখেছেন, কিছু বার্তার উত্তর দিয়েছেন, সামাজিক মাধ্যমেও চোখ বুলিয়েছেন। ঘুম কম হলেও সকালটা তার কাছে ভালোই ছিল।
দলের উদ্যাপন নিয়েও সলবাক্কেনের অবস্থান ছিল স্পষ্ট। তিনি খেলোয়াড়দের পুরোপুরি লাগামছাড়া স্বাধীনতা দেননি, আবার অতিরিক্ত বাধাও দেননি। তার ভাষায়, বিষয়টি ছিল দায়িত্বসহ স্বাধীনতা। এই দল নিজেদের সামলাতে জানে বলেই তাঁর বিশ্বাস।
নরওয়ের সামনে এখন আরও বড় পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি হবে মায়ামিতে শনিবার। ব্রাজিলকে হারানোর পর প্রত্যাশা বেড়েছে, কিন্তু সলবাক্কেন জানেন, বিশ্বকাপে একটি ঐতিহাসিক রাতকে পরের ম্যাচে অর্থবহ করতে হলে আবার নতুন করে শুরু করতে হবে।
তবে ব্রাজিল-বধের রাত শুধু হালান্ডের গোল বা নরওয়ের ইতিহাসেই আটকে থাকল না। আনচেলত্তির পাঠানো জার্সি মনে করিয়ে দিল, বড় পরাজয়ের পরও ফুটবলে সৌজন্য থাকে, সম্মান থাকে। আর সেটিই হয়তো বিশ্বকাপের সৌন্দর্য।





