নরওয়ে ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না ব্রাজিল

এশিয়া পোস্ট স্পোর্টস
নরওয়ে ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না ব্রাজিল
ছবি: সংগৃহীত

জাপানকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলোয় উঠলেও ব্রাজিল শিবিরে চোটের দুশ্চিন্তা বেড়েছে। বাঁ ঊরুর পেছনের অংশে চোট পাওয়া তারকা মিডফিল্ডার লুকাস পাকেতাকে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের পরদিন মঙ্গলবার পাকেতার ইমেজিং পরীক্ষা করা হয়। তাতেই মাংসপেশির চোট ধরা পড়ে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাঁর মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই জানিয়েছে, আগামী রোববারের ম্যাচে খেলতে পারবেন না ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, পাকেতা এখন ব্রাজিল দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকবেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠের কার্যক্রমে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসা চলবে।

জাপানের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে অস্বস্তিতে পড়েন পাকেতা। মাঠে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। বিরতিতে তিনি আর স্বাভাবিকভাবে ড্রেসিংরুমে ফিরতে পারেননি। নেইমারের সহায়তায় মাঠ ছাড়েন এবং সতীর্থদের কাছ থেকে সান্ত্বনা পান।

দ্বিতীয়ার্ধে পাকেতার জায়গায় এন্দ্রিককে নামান কার্লো আনচেলত্তি। পরে ম্যাচের প্রয়োজন অনুযায়ী মাতেউস কুনিয়াকে কিছুটা ভেতরের ভূমিকায় ব্যবহার করেন ব্রাজিল কোচ। শেষ দিকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও সেই জায়গায় প্রভাব ফেলেন এবং ৯৫ মিনিটে জয়সূচক গোল করেন।

পাকেতার চোট ব্রাজিলের জন্য বড় ধাক্কা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই তিনি একাদশে ছিলেন। মাঝমাঠে তার বল ধরে রাখা, পাসের সংযোগ এবং আক্রমণ-রক্ষণের ভারসাম্য আনচেলত্তির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিল।

paqueta
paqueta

চোট নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন পাকেতা। তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত একসঙ্গে চলব। এগিয়ে যাও ব্রাজিল।’ সতীর্থরাও তাকে সমর্থন জানিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন ব্রাজিলিয়ান খেলোয়াড় তার পাশে দাঁড়িয়েছেন।

এদিকে রাফিনিয়ার অবস্থাও সতর্কতার সঙ্গে দেখছে ব্রাজিল। ডান ঊরুর চোটে ১০ দিন বাইরে থাকার পর মঙ্গলবার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে শেষ ষোলোয় তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো সাবধানী ব্রাজিল কোচিং স্টাফ।