Advertisement

বিশ্বকাপ শুরুর আগে টিকিট বিতর্কে ইরান

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপ শুরুর আগে টিকিট বিতর্কে ইরান
মেক্সিকোয় ইরানকে স্বাগত জানায় দেশটির সমর্থকরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে নতুন বিতর্কে পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের দাবি, ২০২৬ বিশ্বকাপে ইরানি সমর্থকদের জন্য নির্ধারিত টিকিট বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে। এতে আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করা অনেক সমর্থক এখন ম্যাচ দেখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমর্থকদের কাছে টিকিট বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছিল। সেই প্রক্রিয়ার ওপর ভরসা করেই অনেক ইরানি সমর্থক বিশ্বকাপ দেখতে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু এখন ফেডারেশনের মাধ্যমে তাদের আর টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে ইরান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর সমতার নীতির পরিপন্থি বলে উল্লেখ করেছে। তাদের অভিযোগ, এমন পদক্ষেপ বিশ্বকাপের মতো বড় আসরের আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক বা অ-ক্রীড়াসুলভ বিবেচনার প্রশ্ন সামনে আনছে।

বিশ্বকাপে প্রতিটি অংশগ্রহণকারী ফেডারেশন সাধারণত নিজেদের ম্যাচে নির্দিষ্টসংখ্যক টিকিট সমর্থকদের মধ্যে বিতরণের সুযোগ পায়। সেই বরাদ্দ ফেডারেশনগুলো নিজেদের নিয়ম ও মানদণ্ড অনুযায়ী সমর্থকদের দেয়। ইরানের অভিযোগ, তাদের সেই প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়েছে।

তবে কে বা কোন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, তা ইরান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে স্পষ্ট নয়। ফেডারেশন ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের নিরপেক্ষতা, ন্যায্যতা ও প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মাঠের বাইরের কোনো বিষয় যেন টুর্নামেন্টের ওপর ছায়া না ফেলে, সেটিও নিশ্চিত করতে বলেছে তারা।

ফিফা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইরানের বিশ্বকাপ প্রস্তুতি এমনিতেই অনিশ্চয়তায় ভরা ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা, ভিসা জটিলতা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে দলটির প্রস্তুতি বারবার আলোচনায় এসেছে। ইরানের মূল ক্যাম্প শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হওয়ার কথা থাকলেও পরে সেটি মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হয়।

দীর্ঘ অনিশ্চয়তার পর গত সপ্তাহে ইরানের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়। তবে দলের কয়েকজন কর্মকর্তা ও স্টাফ ভিসা পাননি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা দেওয়া হয়েছে।

ইরান এবার খেলছে গ্রুপ জি-তে। তাদের প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে—১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

এর আগে ফিফা জানিয়েছিল, সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন। দলটি এখন মেক্সিকোয় থাকায় ইরান ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানিয়েছিল ফিফা।

তবে টিকিট বরাদ্দ প্রত্যাহারের অভিযোগ বিশ্বকাপ শুরুর মুখে নতুন অস্বস্তি তৈরি করেছে। একদিকে দল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সমর্থকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের অভিযোগ প্রমাণিত হলে এটি শুধু একটি দেশের টিকিট সমস্যা হয়ে থাকবে না; বিশ্বকাপের ন্যায্যতা, সমতা ও রাজনীতিমুক্ত আয়োজনের প্রশ্নও সামনে আনবে।