টানা বৃষ্টি থাকছে কত দিন, জানাল আবহাওয়া অফিস

এশিয়া পোস্ট ডেস্ক
টানা বৃষ্টি থাকছে কত দিন, জানাল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশে গত কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে ইতোমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া অন্তত সাতটি জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন এ রকম বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়, গত তিন থেকে পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।

আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।

তবে রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।