প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলন/আটকদের নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের দুই রাজ্যের

প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের জেরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর ও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিহার ও আসাম। একইসঙ্গে আন্দোলনে গ্রেপ্তার বা আটক রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমবার (২৭ জুলাই) গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে বিহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে পর্যন্ত ‘নিট’ ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সরকার কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
বিক্ষোভসংক্রান্ত সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশ অবিলম্বে প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিহার পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে রাজ্যজুড়ে ৬৯৪ জনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ৩৩৯ জন নাবালককে ছেড়ে দেওয়া হলেও ৩৫৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়।
বিহারের পর সোমবার একই ধরনের ঘোষণা দেয় আসাম সরকারও। রাজ্যটির স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে হওয়া আন্দোলনের ঘটনায় আসামে পাঁচটি মামলা হয়েছিল। এসব মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে হওয়া এসব মামলার ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং পরীক্ষা ও উচ্চশিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও সংস্কার জোরদারের প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজ্যের কোনো পুলিশ কর্তৃপক্ষ আর কোনো বিরূপ আইনি ব্যবস্থা নেবে না।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া পোস্টে সিপিআই (এমএল) প্রধান দীপঙ্কর ভট্টাচার্য লিখেছেন, ‘এটি বিজেপির আরেকটি নতিস্বীকার এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ঐতিহাসিক বিজয়।’
.png)






