Advertisement

ইরানের জন্য এখনো কূটনীতির পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের জন্য এখনো কূটনীতির পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনী যখন টানা নবম রাতের মতো বিধ্বংসী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই তেহরানের সঙ্গে সংকট নিরসনে ওয়াশিংটন কূটনীতির পথ খোলা রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (১৯ জুলাই) দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ‘আসিয়ান’ সম্মেলনে যোগ দিতে ম্যানিলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময়ই যেকোনো সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখে। আমরা ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিকবার চেষ্টা করেছি এবং সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। যদি আলোচনার সেই পথ খোলে, তবে আমরা তা সানন্দে স্বাগত জানাব।’

তবে এ সময় আন্তর্জাতিক নৌপথে তেহরানের সাম্প্রতিক ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন রুবিও। তিনি অভিযোগ করেন, ইরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করছে।

উল্লেখ্য, গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য ছিল উভয়পক্ষের মধ্যকার যুদ্ধবিরতিকে আরও বিস্তৃত করা এবং এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা।

সেই চুক্তির প্রসঙ্গ টেনে রুবিও স্পষ্ট জানিয়ে দেন, ‘তারা (ইরান) একদিকে সমঝোতা স্মারকের শর্তগুলো একের পর এক লঙ্ঘন করবে, আর অন্যদিকে সেই স্মারক কার্যকর থাকবে তা হতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘ইরানি কর্তৃপক্ষ মুখে বারবার বার্তা পাঠাচ্ছে যে তারা আলোচনা ও দর-কষাকষি করতে চায়; কিন্তু ওয়াশিংটন মূলত তাদের মাঠের আচরণ পর্যবেক্ষণ করছে। আর তাদের আচরণ হলো তারা আজও রাতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।’

কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলে পরিণতি কী হতে পারে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেন, ‘আমি মনে করি না তা ইরানের জন্য বিন্দুমাত্র ভালো কিছু বয়ে আনবে। সোজা কথায়, এই যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি ইতোমধ্যে মারাত্মকভাবে ভেঙে পড়েছে।’

সূত্র: সিএনএন