হাসিনার পতনের পর ভারত থেকে আসছে প্রথম ট্রেনের কোচ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম ভারত থেকে ট্রেনের কোচ বা বগির একটি চালান বাংলাদেশে আসছে। আগামী জুলাই মাসেই প্রথম চালানটি রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে। একই সময়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, প্রথম চালানে থাকবে ২০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচের একটি পুরো সেট (রেক)।
সংবাদমাধ্যমটিকে দেশটির রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা বলেছেন, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ জুলাইয়ে রপ্তানির জন্য প্রস্তুত আছে।
ভারত থেকে ৯১৫ কোটি রুপিতে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। ২০টি কোচ সেই চুক্তির অংশ হিসেবে পাঠানো হবে।
বর্তমানে ভারতীয় রেলওয়ের রপ্তানি শাখা ‘রাইটস’ বাংলাদেশ রেলওয়েকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ৯১৫ কোটি টাকার অর্থায়নে এই প্রকল্পটির কাজ চলছে। ২০২৪ সালের মে মাসে একটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চুক্তিটি জিতেছিল রাইটস।
ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত ‘রেল কোচ ফ্যাক্টরি’তে এই বগিগুলো তৈরি করা হচ্ছে। বগি সরবরাহের পাশাপাশি রাইটস এই ট্রেনের ডিজাইন, খুচরা যন্ত্রাংশ এবং কর্মীদের প্রশিক্ষণও দেবে।
চুক্তি অনুযায়ী, ৩৬ মাসের মধ্যে সব বগি সরবরাহ ও চালু করতে হবে। এরপর আরও ২৪ মাসের ওয়ারেন্টি থাকবে।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই প্রকল্পটি কিছুটা পিছিয়ে গিয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, কাজটি এখন আবার সঠিক কক্ষপথে ফিরে এসেছে।
রাইটস-এর ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানান, কোম্পানিটি এই প্রকল্প থেকে বড় অঙ্কের রাজস্ব আয়ের আশা করছে। কারণ ২০২৭ অর্থবছরের মধ্যেই বাংলাদেশে পণ্য সরবরাহ পুরোদমে শুরু হয়ে যাবে।
এর আগে ভারত সরকার বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল।






