Advertisement

ইরানের বিভিন্ন শহরে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের বিভিন্ন শহরে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পুরোনো ছবি

ইরানের বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত মার্কিন বাহিনীর ওপর ইরানি বাহিনীর ‘হামলার চেষ্টার’ জেরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন করে এই সামরিক পদক্ষেপ গ্রহণ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

হামলার পরপরই দক্ষিণ ইরানের একাধিক শহরে দফায় দফায় বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, খুজেস্তান প্রদেশের আবাদানে একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এ ছাড়া হরমোজগান প্রদেশের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও একই ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের ভেতরের এলাকায় অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। তবে হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এদিকে আইআরআইবি আরও জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা হিসেবে পরিচিত বুশেহর প্রদেশেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।