কংগ্রেসের যুদ্ধবিরোধী ভোটকে ‘অর্থহীন’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রতীকী প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘ভুল সময়ে নেওয়া অর্থহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান এখন প্রায় কুপোকাত (অন দ্য রোপস), ঠিক পতনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে। অথচ ঠিক এই সময়েই মার্কিন সিনেট যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে একটি অর্থহীন ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলো।
গতকাল মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাসের মাধ্যমে মূলত ট্রাম্পের যুদ্ধনীতির বিরোধিতা করা হয়েছে।
পোস্টে তিনি বলেন, আমি ইরানকে এমন অবস্থায় নিয়ে গেছি যে তারা প্রায় পরাজয়ের মুখে, আমাদের অনেক দাবি মেনে নিতে প্রস্তুত এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও আমাকে খুবই সম্মান করছে। ঠিক তখনই মার্কিন সিনেট ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ নিয়ে ভোটের সিদ্ধান্ত নিলো।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে ইরানের কাছে এই বার্তা যায় যে, আমি তাদের বিরুদ্ধে যা করছি, তা যুক্তরাষ্ট্র সমর্থন করছে না এবং আমাকে তা বন্ধ করতে হবে। এর ফলে শত্রুপক্ষ উপকৃত হয়েছে।
তিনি আরও বলেন, চারজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন। এরপর ইরান আমার লোকজনকে জিজ্ঞেস করেছে, ‘এর মানে কী?’ এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছেন। তবে আমি যেভাবেই হোক কাজটি সম্পন্ন করব, কারণ আমি সবসময়ই কাজ সম্পন্ন করি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি ও সামরিক অভিযান বন্ধে মার্কিন সিনেটে গতকাল ৫০-৪৮ ভোটে ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। এই আইনের ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে।
এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রস্তাবটি পাস হয়েছিল।
সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও চার রিপাবলিকান সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, প্রায় সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটির পক্ষে থাকলেও একজন বিপক্ষে অর্থাৎ ট্রাম্পের পক্ষে ভোট দেন।






