Advertisement

সিজেপি বিক্ষোভ/নারী আন্দোলনকারীকে থাপ্পড়, পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

এশিয়া পোস্ট নিউজ
নারী আন্দোলনকারীকে থাপ্পড়, পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলাকালে এক নারী বিক্ষোভকারীকে থাপ্পড় মারার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দিল্লি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডেপুটি কমিশনার) সন্দ্বীপ লাম্বা।

সিজেপি ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের 'চলো সংসদ' কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন উত্তর-পূর্ব জেলার এই পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সংসদ ভবনসংলগ্ন এলাকায় এক নারী বিক্ষোভকারীকে থাপ্পড় মারতে দেখা যায়। ঘটনার পরপরই তাকে যন্তর মন্তরের দায়িত্ব থেকে সরিয়ে জেলা সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, তিনি একজন সফল তদন্তকারী হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২১ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর পদকেও ভূষিত হন।

ঘটনার ব্যাখ্যায় দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি সামাল দেওয়ার সময় ওই কর্মকর্তা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

তবে পুলিশের দাবি, ওই নারী বিক্ষোভকারীর হাতে পেরেকসদৃশ একটি বস্তু ছিল এবং বারবার সরে যেতে বলা হলেও তিনি সরছিলেন না।

এদিকে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে ওই পুলিশ কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, সিভিল পোশাকে কিছু পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় দিল্লি পুলিশের পক্ষ থেকে সব সদস্যকে ব্যাজ ও নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়েছে।