Advertisement

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিশ্ব গণমাধ্যমে খবর

এশিয়া পোস্ট ডেস্ক
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিশ্ব গণমাধ্যমে খবর
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের খবর। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবরটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। রয়টার্স, আলজাজিরা, বিবিসি ও ভারতের প্রধান প্রধান সংবাদমাধ্যমসহ বিশ্বজুড়ে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ রাষ্ট্রপতির এ পদত্যাগের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে এনেছে। পত্রিকাটির শিরোনাম ছিল ‘বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ: নির্বাসন থেকে ফেরার আগেই একা হয়ে পড়লেন হাসিনা’। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তৎকালীন সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের সূত্র ধরে সাহাবুদ্দিনের পদত্যাগের কথা নিশ্চিত করেছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রাষ্ট্রপতিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দ্য স্টার’ এবং ভারতের ‘নিউজ-১৮’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

একইভাবে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পত্রিকা ‘দ্য নিউইয়র্ক টাইমস’ লিখেছে, হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে যখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এই পদত্যাগের ঘটনা ঘটল।

বিশ্বের আরও বেশকিছু গণমাধ্যমে ঘটনাটিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরে পদত্যাগের সংবাদটি প্রচার করা হয়েছে।