ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ভারেত অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ভারতে তাদের বহুল আলোচিত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিষ্ঠানটি ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘তামির’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তামির হলো- আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। শত্রু পক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে এই ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়।
এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কাঠামোর অংশ হতে পারে। ভারতে উৎপাদন লাইন স্থাপন করা হলে প্রতিষ্ঠানটি তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারবে, উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে আরও গতি দিতে পারে এবং আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। এ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মিসাইল উৎপাদনের এই পরিকল্পনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর লক্ষ্য যৌথভাবে আধুনিক যুদ্ধাস্ত্র উৎপাদন এবং নতুন প্রজন্মের সমর প্রযুক্তি উন্নয়ন।




