ভারতের কুখ্যাত গ্যংস্টারের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র

কানাডায় খলিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের কারাগারে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নিতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগ (ডিওজে) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা বিষ্ণোইকে ভারত থেকে প্রত্যর্পণ বা হস্তান্তরের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আমেরিকার একটি ফেডারেল আদালতের অভিযোগে নিজ্জার হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধ চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে এই ভারতীয় গ্যাংস্টারের নাম সামনে এসেছে। মূলত এরপরই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সিয়ারান ম্যাকভয় এই আইনি প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, লরেন্স বিষ্ণোইকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। এক ইমেইল বার্তায় ম্যাকভয় বলেন, লরেন্স বিষ্ণোই বর্তমানে ভারতের কারাগারে বন্দি আছেন। আমরা তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য আবেদন করার ইচ্ছা পোষণ করছি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং এটি সফলভাবে শেষ হতে সাধারণত কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর অভিযোগনামা উন্মোচন করা হয়। সেখানে যে কয়জন মূল অপরাধীর নাম প্রকাশ করা হয়েছে, তার মধ্যে প্রধান অভিযুক্ত হলেন লরেন্স বিষ্ণোই।
২০১৫ সাল থেকে এই গ্যাংস্টার ভারতের কারাগারে বন্দি রয়েছেন। দীর্ঘ সময় ধরে কারাবাসের পর বর্তমানে ভারতের গুজরাটের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে তাকে রাখা হয়েছে। কারাগার থেকেই বিষ্ণোই আন্তর্জাতিক অপরাধ চক্র ও হত্যাকাণ্ড পরিচালনা করছেন বলে মার্কিন তদন্তে উঠে এসেছে।




