এআই-সৃষ্ট ছবি দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া দাবি প্রচার

ঢাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আমানতকারীরা আগুন দিয়েছে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ এবং গ্রুপে একই ধরণের ক্যাপশনে ছবিটি প্রচার করতে দেখা গেছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এআই সৃষ্ট ছবি দিয়ে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে এতে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ মুজিব সেনা ঐক্যলীগ কেন্দ্রীয় কমিটি’ নামে একটি পেজ থেকে ছবিটি সম্প্রতি নতুন করে পোস্ট করা হয়েছে। এতে ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশে ঢাকা মিরপুর বিশ্ববাটপার ১৬৭৯ জন শিশু হত্যা কারি জুলাই জঙ্গী হামলার জনক, সুধখোর ইনুসের মালিকানা গ্রামিণ ব্যাংক আমনত কারিরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে’(সম্পূর্ণ অপরিবর্তিত)। পোস্টটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এরপর থেকে একই ছবি এবং ক্যাপশন ব্যবহার করে বেশকিছু পেজ এবং গ্রুপে প্রচারণা চালাতে দেখা গেছে।
তবে প্রচারিত ছবিটি এআই-অর-নট, ডিপ্লয় ডটকমসহ একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ৬২ শতাংশ থেকে ৯৯ শতাংশই এআই বলে জানা গেছে। এরমধ্যে ডিপ্লয় ডিটেক্ট ছবিটির ৯৯ শতাংশই এআই সৃষ্ট হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে এআই-অর-নট ছবিটির ৩ শতাংশ এআই এবং ৬২ শতাংশ ডিপফেক হিসেবে চিহ্নিত করেছে। ডিপফেক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কোনো বাস্তব ব্যাক্তি স্থান, ভবন বা জিনিস নকল কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত ছবি বা ভিডিও তৈরি করার প্রক্রিয়া।
এছাড়াও, প্রচারিত দাবি বা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগুন সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশি-বিদেশি কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, ঢাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আমানতকারীরা আগুন দিয়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। বাস্তবে এধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গত বছরের (২০২৫) নভেম্বরে একই ধরণের ছবি এবংভিডিও দিয়ে ভুয়া প্রচারণা চালিয়েছিলো আওয়ামীপন্থীরা।
