একাত্তরে বিতর্কিত ভূমিকার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান: মুক্তিযুদ্ধমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
একাত্তরে বিতর্কিত ভূমিকার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি : সংগৃহীত

একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের অকপটে সেই দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট: ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

দেশের সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের স্বার্থের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তাদের এগিয়ে আসতে হবে। তারা এই বিষয়টিকে অকপটে স্বীকার করে ক্ষমা না চাইলে পুরো জাতি ও মুক্তিযোদ্ধাদের জন্য তা স্বাভাবিকভাবে মেনে নেওয়া কষ্টকর। জাতির বৃহত্তর স্বার্থে তাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও গণতন্ত্রকে ধারণ করতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে অনুষ্ঠিত সভায় জেনারেল এম এ জি ওসমানী সভাপতিত্ব করেন। সভায় তৎকালীন মেজর জিয়া দুটি প্রস্তাব দিয়েছিলেন। দুটি প্রস্তাবই তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। একটি প্রস্তাব হলো এই যুদ্ধের নাম হবে ‘মুক্তিযুদ্ধ’ এবং অন্যটি যুদ্ধের নেতৃত্ব দেবেন জেনারেল ওসমানী।

তিনি ওই সভার স্মৃতি সংরক্ষণে জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং সেখানে ১৩ জনের নামফলক স্থাপনের কাজ চলছে বলে জানান।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা কাজ করছেন, তাদের মন্ত্রণালয় খেতাব দেওয়ার বিষয়ে চিন্তা করছে বলেও জানান মন্ত্রী।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে আহমেদ আযম খান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী ও পেশাদার করা হবে।