সাবেক এমপি নুর মোহাম্মদ গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
গুলশানের নিজ বাস ভবন থেকে শনিবার (২৭ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি এশিয়া পোস্টকে বলেন, ডিবি একটি টিম গুলশানের বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়কার একাধিক মামলা রয়েছে। মামলাগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।






