Advertisement

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এশিয়া পোস্ট নিউজ
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার
সংসদ সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্পিকার।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে আমার কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছি।

এ সময় শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন স্পিকার।

তিনি বলেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকারও যখন শপথ নেন, তখন কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে তিনি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন, এই শপথ নিয়েছেন। এমনটা শপথের অংশেই বর্ণিত থাকে।

মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে পদত্যাগ করেছেন জানিয়ে স্পিকার বলেন, আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। আমার মনে হয়, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতি তিনি সবসময় সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার মঙ্গল কামনা করছি।

এর আগে শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লিখেছেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।’