জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩৭৪ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৭৪ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকা অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, বাংলাদেশের জাতীয় বিবৃতি, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির অগ্রগতি নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ।
সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করেছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। আর আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার চাওয়া যাবে।
বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩৭৪ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকার (৩০ মিলিয়ন মার্কিন ডলার) জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে। এই অর্থায়ন উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ড. মো. সাইমুম পারভেজ সাংবাদিকদের জলবায়ু অর্থায়ন-সংক্রান্ত কারিগরি ও নীতিগত প্রশ্নের উত্তর দেন। তিনি অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে ঋণ, ব্লেন্ডেড ফাইন্যান্স, অভিযোজন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ অর্থায়নের বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি ও এআইআইবিসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের জাতীয় কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়নের অগ্রগতি তুলে ধরেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশের জলবায়ু কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়ন সহযোগী ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের গুরুত্ব ব্যাখ্যা করেন। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভিন্ন ও শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারের জলবায়ু অগ্রাধিকার, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব উন্নয়ন, টেকসই অর্থনীতি এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের প্রতিশ্রুতির কথা জানান। পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত দেশীয় পরিবেশবান্ধব পণ্যের প্রতি আন্তর্জাতিক প্রতিনিধিদের আগ্রহের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ড. সাইমুম পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশ হিসেবে নয়, বরং একটি সক্ষম, উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে চায়। জলবায়ু ন্যায়বিচার, কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিশ্রুত অর্থায়নের বাস্তবায়নই বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।’



