logo

৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা। ছবি: বাংলা ট্রিবিউন

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই কার্যক্রম শুরু হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তার মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মীদেরও মেডিকেল পরীক্ষার জন্য কোনোভাবেই ৮ হাজার টাকার বেশি না দিতে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা [email protected]তবে অভিযোগ পাঠাতে বলা হয়েছে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যে ৫১টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে

অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর মধ্যে রয়েছে- মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার; ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস; পুরানা পল্টনের ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার; নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার; বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার ও কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ডিআইটি অ্যাভিনিউয়ের ভিটা হেলথ মেডিকেল।

এ ছাড়া বনশ্রীর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল; রামপুরার লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, পশ্চিম রামপুরার ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার; বনানীর গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার ও সানমুন মেডিকেল সেন্টার; কাকলীর পুষ্প ক্লিনিক; প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার; উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড; মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার এবং বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।

তালিকায় আরও রয়েছে- দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরের আইচি হাসপাতাল, গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, ধানমন্ডির গ্রিন রোডের ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্ট মানিকদীর ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাটিকাটার মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার।

অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে- নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট