Advertisement

ওরিয়েন্টেশনে ফেস্টুন হাতে শিক্ষক রুনা হত্যার বিচার চাইলেন শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, ইবি
ওরিয়েন্টেশনে ফেস্টুন হাতে শিক্ষক রুনা হত্যার বিচার চাইলেন শিক্ষার্থীরা
ওরিয়েন্টেশনে শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে ফেস্টুন হাতে শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন বিভাগের নবীন শিক্ষার্থীরা।

শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তারা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন প্রদর্শন করে দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের বক্তব্য চলাকালে সমাজকল্যাণ বিভাগের নবীন শিক্ষার্থীরা—‘ম্যাম হত্যার বিচার চাই’, ‘We want Justice’ ও ‘We want Justice for Sadia Mam’ লেখাসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বিভাগটির নবীন শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পার হতে চললেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য চলাকালে প্রতিবাদমূলক ব্যানারগুলো তুলে ধরে বিচারের দাবি জানিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, গত ৪ মার্চ সমাজকল্যাণ বিভাগের আমাদের সহকর্মী আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের শিকার হন। আশা করি অতিদ্রুত এ ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারব। এ ছাড়া এই বিভাগে বর্তমানে কোনো স্থায়ী শিক্ষক নেই, অন্যান্য বিভাগ থেকে শিক্ষক এনে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সমস্যাগুলোরও দ্রুত সমাধান করা হবে।

ওরিয়েন্টেশনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত ৪ মার্চ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে সর্বসমক্ষে ছুরিকাঘাত করার পর আত্মহননের চেষ্টা চালান একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান।