Advertisement

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

এশিয়া পোস্ট ডেস্ক
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে হাবিপ্রবিতে দোয়া মাহফিল করা হয়। ছবি: এশিয়া পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও ‍মিলাদের আয়োজন করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল শাখা।

শেকৃবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) প্রেসিডেন্ট প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যার পুরোজীবন ব্যয় হয়েছে তার জন্মবার্ষিকীতে দোয়া করি যেন তার সুযোগ্য পুত্র তারেক রহমান দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

পাবিপ্রবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে তার রূহের মাগফেরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান।

এ ছাড়াও এসময় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পাকিস্তান মসজিদে এ আয়োজন করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বাকৃবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের একাংশের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত হাজী সালেহ উদ্দিন নূরুল উলুম মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জাবি

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম ও জাবি ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বক্তব্যে তিনি বলেন, বেগম জিয়া ছিলেন সবার নেত্রী, যেমন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কম কথা বলতেন, তবে স্পষ্ট ও প্রয়োজনীয় কথা বলতেন; যা দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বামীহারা বেদনার কথা ভুলে গিয়েও তিনি সর্বদা দেশের মানুষের পাশে থেকেছেন।

নোবিপ্রবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী রোববার (১৬ আগস্ট) বাদ আসর নোবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।