Advertisement
নতুন কুড়ি স্পোর্টস

গ্রামের মাঠ থেকে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন সাতক্ষীরার জাকির

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
গ্রামের মাঠ থেকে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন সাতক্ষীরার জাকির
নতুন কুড়ি স্পোর্টসে অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন জাকির হোসেন। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের জাকির হোসেন এখন স্থানীয়দের গর্ব। জেলার নতুন ক্রীড়া আইকন জাকির হোসন গ্রামে থেকেও দেশের দ্রুততম মানবের খেতাব জিতে নাম লেখাল বাংলাদেশ অ্যাথলেটিকসে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় এ পরিচিত লাভ করে জাকির।

জাকির হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। ধাপে ধাপে উপজেলা থেকে বিভাগীয় পর্য়ায়ে ধারাবাহিকতা বজায় রেখে দেশের সেরা স্প্রিন্টারের স্বীকৃতি পেয়েছে সে।

ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টসে ১০০ মিটার স্প্রিন্টে জাকির প্রথম হয়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাকিরের গলায় পরিয়ে দেওয়া হয় স্বর্ণপদক। পাশাপাশি পায় ক্রেস্ট ও নগদ অর্থ।

এশিয়া পোস্টকে জাকির জানায়, শুরুতে সে ফুটবল খেলত। পরে শিক্ষকদের উৎসাহ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে অ্যাথলেটিকসে যুক্ত হয়।

জাকির বলে, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, এভাবে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে উঠেছি। যখন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলাম, তখন নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। মোমেন স্যার, বাচ্চু স্যার, শাহিন স্যারসহ সবাই আমাকে নিয়মিত অনুশীলন করিয়েছেন। তাদের কারণেই আজকের এই অবস্থানে আসতে পেরেছি।

জাকির আরও বলে, আমার স্বপ্ন, ভালো পারফরম্যান্স করে একদিন বিকেএসপি কিংবা জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়া। এরপর দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা।

জাকিরের বাবা মাহবুবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ছেলের খেলাধুলার প্রতি আগ্রহ ছোট থেকেই। যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করেছি। এখন চাই, সে দেশের বাইরেও বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনুক।

চাচা মো. রিপন বলেন, জাকিরের এই অর্জনে শুধু আমাদের পরিবার নয়, পুরো গ্রাম আনন্দিত। ৯০ ছুঁইছুঁই বয়সেও নাতির সাফল্যে আবেগাপ্লুত দাদা আব্দুল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ওর জন্য দোয়া করবেন, যেন আরও বড় হতে পারে।

স্থানীয় বাসিন্দা ইশারত আলী বলেন, সাতক্ষীরা ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় দেশের কাছে পরিচিত। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাবিনা খাতুনদের পর এবার অ্যাথলেটিকসেও জাকির প্রমাণ করল, সাতক্ষীরা পিছিয়ে নেই।

স্থানীয় সাংবাদিক হাফিজুর রহমান শিমুল এশিয়া পোস্টকে বলেন, সুন্দরবনের জেলা সাতক্ষীরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, সুযোগ পেলে গ্রামের ছেলেরাও জাতীয় পর্যায়ে সেরার মুকুট জিততে পারে।

জাকিরের সাফল্যে উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে সাতক্ষীরার মতো জেলা থেকে আরও অনেক জাকির উঠে আসবে। আর জাকিরের এই সাফল্য এখন গ্রামের অসংখ্য কিশোর-কিশোরীর কাছে নতুন স্বপ্নের নাম, গ্রামের মাঠ থেকে দেশের দ্রুততম মানব হওয়ার স্বপ্ন।