বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, গুণতে হলো জরিমানা

সরকার নির্ধারিত ১ হাজার ৫৭৫ টাকার এলপিজি সিলিন্ডার ‘গ্যাস সংকটের’ অজুহাতে ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি করার অভিযোগে তেজগাঁওয়ের কলোনি বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিষয়টি ধরা পড়ে। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সরকারনির্ধারিত মূল্যের চেয়ে প্রতি সিলিন্ডারে ১৭৫ টাকা বেশি নেওয়া হচ্ছিল। গ্যাসের সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের বাইরে এভাবে বিক্রি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ ছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে দুটি খাবার হোটেলকেও জরিমানা ও সতর্ক করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি ও কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
