মাদারীপুরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আরেক চাচাতো ভাই নিহত

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদারীপুরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আরেক চাচাতো ভাই নিহত
নিহত পরিবারের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।

Advertisement

বুধবার (২৪ জুন) রাতে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবর ও তার চাচাতো ভাই বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত বারেক মাদবর আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।