প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মো. ইকবাল হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত আহত নিরব (১৪) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। পরে চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যায় তার পরিবার। নিরব উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামমর্দ্দন এলাকার বাসিন্দা।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইকবাল হোসেন ওই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। তবে তিনি ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান বলে জানা গেছে।
শিক্ষার্থী ও পরিবারের অভিযোগ, আর্থিক অসচ্ছলতার কারণে ইকবাল হোসেনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেওয়ার পর থেকেই নিরবকে বিভিন্ন অজুহাতে মারধর করা হচ্ছে। এর আগেও একই কারণে দুই দফায় তাকে মারধর করা হয়েছিল। একবার ২৬টি এবং অন্যবার ৩২টি আঘাত করার অভিযোগ করেছে শিক্ষার্থী।
নিরব জানায়, এক মাসের মতো ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছিল সে। পরে পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়া বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় শিক্ষক তাকে আবারও প্রাইভেট পড়তে বলেন। কিন্তু সেখানে না যাওয়ায় আগেও তাকে মারধরের শিকার হতে হয়েছে।
সর্বশেষ সোমবার শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর দুষ্টুমির অভিযোগে তাকে দায়ী করে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন শিক্ষক। একপর্যায়ে ঘাড়ের পাশেও থাপ্পড় মারেন বলে অভিযোগ নিরবের।
নিরবের বাবা জাকির হোসেন নোয়াখালীর একটি মুরগির ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি জানান, কয়েক মাস আগে শিক্ষক ইকবাল হোসেন ফোন করে তার ছেলেকে কয়েকটি বিষয়ে প্রাইভেট পড়ানোর কথা বলেছিলেন। কিন্তু নিজের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ছেলেকে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে শিক্ষককে জানান তিনি।
জাকির হোসেনের অভিযোগ, এরপর থেকেই তার ছেলেকে বিভিন্ন সময় মারধর করা হচ্ছে। আগে ছেলের দুষ্টুমির কারণে শিক্ষক শাসন করছেন ভেবে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কিন্তু এবার ছেলের শারীরিক অবস্থা খারাপ দেখে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের কাছে জানতে চান, তার ছেলের অপরাধ কী।
তিনি বলেন, আমার ছেলে পড়াশোনায় দুর্বল হলে কিংবা দুষ্টুমি করলে আমাকে জানাতে পারতেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। কিন্তু এভাবে মারধর করার প্রয়োজন কী। অন্য কোনো শিক্ষক তার বিরুদ্ধে এমন অভিযোগ করেননি। শুধু একজন শিক্ষকের কাছেই কেন সে খারাপ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করেন জাকির হোসেন। তবে ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত ১০টার দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। এতে আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার টাকা ব্যয় হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে এই খরচ জোগাড় করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
জাকির হোসেন বলেন, আমার সন্দেহ, ছেলেকে প্রাইভেট পড়ানোর জন্য বলেছিলেন শিক্ষক। কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়াতে না পারায় আমার ছেলের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, ঘটনাটি জানার পর মঙ্গলবার বিদ্যালয়ে সভা আহ্বান করা হয়েছিল। তবে সেখানে অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি। অভিযোগের বিষয়টি তদন্তে তিনজন সহকারী শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।










