বিক্ষোভের মুখে ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল

কমিটি পুনর্গঠন ও পদ বণ্টনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর যুবদলে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে, তা এবার প্রকাশ্যে রূপ নেয়। নতুন করে নেতাদের পদায়নের সিদ্ধান্ত ঘোষণার পরই বিক্ষোভে নামেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
একপর্যায়ে সংগঠনের শীর্ষ দুই নেতার বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ জানান তারা। উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় যুবদল।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে নতুন করে কয়েকজন নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার ঘোষণা আসে। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণের অংশ হিসেবে এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু ঘোষণার পরপরই নতুন পদ বণ্টন নিয়ে সংগঠনের ভেতরে বিরোধ দেখা দেয়।
বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতাসহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা নেতাদের যথাযথ মূল্যায়ন না করেই গুরুত্বপূর্ণ পদে নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই ক্ষোভ থেকেই গতকাল শনিবার রাত প্রায় ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাসার সামনে সমবেত হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনেও গিয়ে প্রতিবাদ জানান। তবে বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের অভিযোগ, দলের কঠিন সময়ে যারা মামলা, হামলা ও কারাবরণের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, পদ বণ্টনের ক্ষেত্রে তাদের অবদান বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি নতুন পদায়ন ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন কেউ কেউ। যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিক্ষোভে অংশ নেওয়া যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন করে পদ বণ্টন করা হয়েছে। পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের জন্য তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, সংগঠনে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা এখনো কমিটিতে জায়গা পাননি। একই কমিটিতে বারবার নতুন করে অন্তর্ভুক্তির কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। তাদের অভিমান ও অভিযোগের বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে।
এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পদায়ন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই তার চরিত্রের সঙ্গে যায় না।
এ অবস্থায় রোববার (২২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদল নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। ফলে নেতাকর্মীদের প্রতিবাদ ও সাংগঠনিক অসন্তোষের মধ্যেই ঘোষণার এক দিনের মাথায় আগের অবস্থানে ফিরে গেল কেন্দ্রীয় নেতৃত্ব।





