পেট্রাপোল সীমান্তে সমাবেশ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের একাধিক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
রোববার (২২ নভেম্বর) সীমান্তের ওপারে এ সমাবেশকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পেট্রাপোলের এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন নেতা।
সমাবেশে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সুরে কথা বলেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তার মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন নাসিম পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।
এদিকে দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে ওই বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পরপরই বেনাপোল সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
এ বিষয়ে বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে কোনো অনুপ্রবেশকারী যাতে দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বৃদ্ধি করা হয়েছে। বিজিবির টহল দল বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্ট ও সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থায় থাকবে।







