logo

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা
হামলায় আহত ডিবি পুলিশে সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হন ডিবির এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

মামলার বাদী এসআই রকিবউদ্দীন জনি বলেন, ‘আমি মামলার বাদী। সিটিস্ক্যান করছি, পরে কথা বলছি।’

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট