হাত বদল হতেই ক্ষেত থেকে কেনা ১০ টাকার ফুলকপি হচ্ছে ৬০

কার্তিকের শেষ দিকে শীতের হালকা আমেজ পড়তেই চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির সমারোহ। ফুলকপি, বাঁধাকপি, শিম, পটলসহ নানা ধরনের সবজিতে ভরে উঠেছে মাঠের পর মাঠ। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। অথচ সেই সবজি কয়েক কিলোমিটার দূরের বাজারে পৌঁছাতেই দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ।
মাঠে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে উৎপাদিত সবজি ব্যবসায়ীরা কিনছেন পানির দামে। কিন্তু হাতবদলের পর বাজারে সেই সবজিই বিক্রি হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দামে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বাজারব্যবস্থার নানা অসংগতিতে একদিকে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা, অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা।
সরেজমিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর ও গোপালপুর গ্রামে গিয়ে দেখা যায়, ক্ষেতের পর ক্ষেত সবুজ ও সাদা ফুলকপিতে ভরে আছে। লক্ষ্মীপুর গ্রামের প্রান্তিক কৃষক রবিউল ইসলাম ধারদেনা করে ২৫ কাঠা জমি বর্গা নিয়ে আগাম ফুলকপির আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পেয়ে এখন হতাশ তিনি।
ক্ষোভ প্রকাশ করে কৃষক রবিউল ইসলাম বলেন, সার ও কীটনাশকের দাম অনেক বেশি। ঠিক সময়ে সারও পাওয়া যায় না। মাথার ঘাম পায়ে ফেলে চড়া দামে সার-বীজ কিনে ফসল ফলিয়েছি। কিন্তু পাইকারেরা খেতে এসে যে দাম বলছেন, তাতে উৎপাদন খরচই উঠছে না। ৫ থেকে ১০ টাকা পিস বা কেজি দরে ফুলকপি কিনছেন ব্যবসায়ীরা। আমাদের কাছ থেকে পানির দামে কিনে নিয়ে তারাই বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন। আমাদের দেখার কেউ নেই।

কৃষকদের অভিযোগ, উৎপাদিত সবজি নিজেরা সরাসরি বাজারে নিয়ে গেলেও স্বস্তি মিলছে না। সেখানেও আড়তদার ও স্থানীয় ফড়িয়াদের দৌরাত্ম্যের মুখে পড়তে হচ্ছে তাদের।
অনুসন্ধানে দেখা গেছে, কৃষকের ক্ষেত থেকে পাইকারি আড়ত এবং সেখান থেকে খুচরা বাজার মাত্র কয়েক দফা হাতবদলেই সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। পরিবহন খরচ, বাজারের খাজনা কিংবা সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়ছে দাম। তবে এসব খরচের সঙ্গে বাজারদরের বিশাল ব্যবধানের সামঞ্জস্য কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
চুয়াডাঙ্গার নিচের বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন ভ্যানচালক ইব্রাহিম আলী। তিনি বলেন, ব্যবসায়ীরা মাঠ থেকে কম দামে সবজি কিনে আনছেন। অথচ বাজারে বেশি দামে বিক্রি করছেন। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি আমাদেরও বাজার করতে গিয়ে পকেট খালি হচ্ছে। অনেক সময় অর্ধেক বাজার করেই বাড়ি ফিরতে হচ্ছে। কারণ, আমাদের তো আয় বাড়েনি।
সবজির দামের এমন অস্বাভাবিক ব্যবধান নিয়ে স্থানীয় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে ভিন্নমত। দাম বাড়ার পেছনে পরিবহন ব্যয় ও অন্যান্য খরচকে দায়ী করছেন তারা।
চুয়াডাঙ্গার নিচের বাজারের মণ্ডল বাণিজ্যালয়ের পাইকারি ব্যবসায়ী ময়েন মণ্ডল বলেন, আমরা কমিশনে ব্যবসা করি। যে সবজি ১০ টাকায় কিনি, তা বিক্রি করে ৩ থেকে ৪ টাকা লাভ করি। বেশি দামে বিক্রি করেন ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা।
একই বাজারের খুচরা ব্যবসায়ী রতন আলী বলেন, ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা, শিম ৬০ টাকা, মেচুড়ি ৬০ টাকা, পটল ৩০ টাকা এবং শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ আকার অনুযায়ী ৩০ থেকে ৪০ টাকা। পালংশাক, সবুজ শাক ও লালশাক ২০ টাকা আঁটি এবং ছোলার শাক ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ও পিকআপ ভাড়া আগের চেয়ে অনেক বেড়েছে। এ ছাড়া পথে পথে নানা খরচ এবং কাঁচামাল পচে যাওয়ার ঝুঁকি থাকায় খুচরা পর্যায়ে দাম কিছুটা বেশি পড়ে। তবে খেতের দামের সঙ্গে বাজারদরের এত বড় ব্যবধান কেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত বাজার তদারকির আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে জন্য কৃষক ও পাইকারদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির চেষ্টা করছি। কেউ যাতে অযৌক্তিকভাবে সবজির দাম বাড়াতে না পারেন, সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। খেত থেকে বাজার পর্যন্ত হাতবদলের নামে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করেন বা অতিরিক্ত মুনাফা করেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

