বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা এবং তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন।
শাহীনুল আলম ছানার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান। সব মিলিয়ে তার ঘোষিত সম্পদের পরিমাণ ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।
তবে দুদকের যাচাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদে তার নিট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।
এজাহারে অভিযোগ করা হয়েছে, তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল হিসেবে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার (নং ০৩/২০২৬) এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তার আয় দেখানো হয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। সঞ্চয়সহ বৈধ সম্পদ বিবেচনায় নিয়ে তার নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (ডিএডি) মো. আবুল কাইয়ুম হাওলাদার মামলার এজাহারের বরাতে বলেন, অনুসন্ধানে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা সম্পদ বিবরণীতে যথাক্রমে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকা ও ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।










