কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কয়েদি মো. ফরহাদ (৪১) টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রোববার নির্দিষ্ট সময়ে কারাবন্দিদের গণনা শেষে সেল লক করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচতলার ওই সেলে টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরহাদ এবং তার দুই কেস পার্টনারসহ মোট তিনজন বন্দি ছিলেন।
দিবাগত রাতে সেলের জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা ইতিমধ্যে এসে পৌঁছার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল মডেল থানার দুটি হত্যা মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি কারাগারে বন্দি ছিলেন। তিনি প্রায় বছরখানেক ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ কয়েকটি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন।
