তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা শহিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাওটানা হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগীর প্রতিবেশী দাদা হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত শহীদুল ইসলাম তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্ত চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত অভিযানে নামে। বিকেলে উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অভিযুক্ত শহীদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

বিষয় :রংপুর