কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছে হ্রদ ব্যবস্থাপনা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে পুনরায় মৎস্য আহরণ শুরু হবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হ্রদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, ব্যবসায়ী নেতা আব্দুর শুক্কুর এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা জানান, বিলম্বে বৃষ্টিপাত হওয়া, হ্রদের পানি ঘোলা থাকা এবং জোরালো স্রোতের কারণে বর্তমানে মাছ কম ধরা পড়ার আশঙ্কা রয়েছে। তাই অন্তত আরও দুই সপ্তাহ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জোর দাবি জানান তারা।
অন্যদিকে বিএফডিসি, মৎস্য বিভাগ ও বিএফআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়, হ্রদে অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন।
পরে সবার সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত ১ আগস্টের পরিবর্তে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা কার্পজাতীয় মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে গত ২৫ মে মধ্যরাত থেকে হ্রদে মৎস্য শিকার, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মৎস্য ব্যবসায়ী, জেলে ও সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করে ১ আগস্টের পরিবর্তে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে জেলেরা পুনরায় হ্রদে মাছ শিকার শুরু করতে পারবেন।
.png)






