logo

খুলনায় ৪৭২ সার ডিলারের ৩৭৭ জনই বিএনপি-সংশ্লিষ্ট, আ.লীগ ২৭

খুলনায় ৪৭২ সার ডিলারের ৩৭৭ জনই বিএনপি-সংশ্লিষ্ট, আ.লীগ ২৭
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

দক্ষিণাঞ্চলের প্রান্তিক কৃষকদের হাতে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সারা দেশের মতো খুলনা বিভাগেও সারের ডিলার চূড়ান্ত নিয়োগ দিয়েছে সরকার। বিভাগের ১০ জেলায় প্রায় ৮০ শতাংশ সারের ডিলারশিপ পেয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। নতুন নিয়োগ পাওয়া ৪৭২ জন সার ডিলারের মধ্যে ৩৭৭ জনই বিএনপি-সংশ্লিষ্ট। এ ছাড়া আওয়ামী লীগের ২৭ জন এবং জামায়াতে ইসলামীর পাঁচজন সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের পদধারী নেতাদের পাশাপাশি তাদের স্ত্রী, সন্তান, ভাই, ভাগনে ও শ্যালকেরাও সরাসরি ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

খুলনা বিভাগের ১০ জেলার মোট ৪৭২ জন ডিলারের মধ্যে সর্বোচ্চ ৯৫ দশমিক ৮৮ শতাংশ বিএনপি-সংশ্লিষ্ট ডিলার নিয়োগ পেয়েছেন যশোরে। জেলাটিতে ৯৭ জনের মধ্যে ৯৩ জনই বিএনপির। এ ছাড়া মেহেরপুরে ২০ জনের মধ্যে ১৯ জন (৯৫ শতাংশ), চুয়াডাঙ্গায় ৪৫ জনের মধ্যে ৪২ জন (৯৩ দশমিক ৩৩ শতাংশ), মাগুরায় ৩৩ জনের মধ্যে ৩০ জন (৯০ দশমিক ৯১ শতাংশ), নড়াইলে ১৭ জনের মধ্যে ১৫ জন (৮৮ দশমিক ২৪ শতাংশ), কুষ্টিয়ায় ৩৩ জনের মধ্যে ২৭ জন (৮১ দশমিক ৮২ শতাংশ), খুলনায় ৫১ জনের মধ্যে ৪১ জন (৮০ দশমিক ৩৯ শতাংশ), ঝিনাইদহে ৬৪ জনের মধ্যে ৪৮ জন (৭৫ শতাংশ), বাগেরহাটে ৩২ জনের মধ্যে ২১ জন (৬৫ দশমিক ৬২ শতাংশ) এবং সাতক্ষীরায় ৮০ জনের মধ্যে ৪১ জন (৫১ দশমিক ২৫ শতাংশ) বিএনপি নেতাকর্মী ও তাদের নিকটাত্মীয় ডিলারশিপ পেয়েছেন।

অন্যদিকে পুরো বিভাগে আওয়ামী লীগের ২৭ জন ডিলারের মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে ছয়জন করে, বাগেরহাটে পাঁচজন, যশোর ও চুয়াডাঙ্গায় তিনজন করে, নড়াইলে দুজন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। জামায়াতে ইসলামীর পাঁচজন ডিলারের মধ্যে চারজন সাতক্ষীরায় এবং একজন ঝিনাইদহে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া বিভাগে ৬৩ জন ডিলার সাধারণ ব্যবসায়ী অথবা যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

খুলনা জেলা

খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতা এবং তাদের স্বজনেরা ডিলারশিপ পেয়েছেন। দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টু অন্য একজনের (হাসনা হেনা লিজা) নামে ডিলারশিপ নিয়েছেন। সেনহাটীতে ডিলার হয়েছেন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন।

এ ছাড়া ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সরদার আব্দুল মালেক, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেনজীর আহমেদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রি ও কয়রা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ ডিলারশিপ পেয়েছেন।

পাশাপাশি রূপসায় জেলা বিএনপির সদস্য আসাবুর রহমানের স্ত্রী ছাবিহা রহমান শিরিন, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল পাইকের কন্যা রুবাইয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর ভাইপো মো. মাহফুজ শিকদার ডিলারশিপ পেয়েছেন।

যশোর জেলা

যশোরে পদধারী নেতাদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদের নামে ডিলারশিপ নেওয়ার প্রবণতা দেখা গেছে। জেলাটির চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও ঝিকরগাছা থানা বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম সরাসরি ডিলার হয়েছেন।

স্বজনদের মধ্যে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার বাবুলের স্ত্রী গুলশান নাহার, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের স্ত্রী জাকিয়া আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের স্ত্রী মোছা. নুরজাহান বেগম এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর ছেলে এ কে এম মনিরুল আলম সারের ডিলারশিপ পেয়েছেন।

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জে এম দুদায়েভ মাসুদ খান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়েবুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মাদ জাকির হোসেন ও আশাশুনি উপজেলা তরুণ দলের সভাপতি নাভিদ নওরোজ।

এ ছাড়া শ্যামনগর পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শামছুদোহা, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক জহির রায়হানের স্ত্রী তাসনিম আক্তার এবং কালিগঞ্জে বিএনপির পরাজিত সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীনের ভাই কাজী হোসেন উদ্দীন ডিলার হয়েছেন।

ঝিনাইদহ জেলা

ঝিনাইদহে ডিলার হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজেল হোসেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইসরাইল হোসেন এবং হলিধানি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন।

স্বজনদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের আপন ভাই আব্দুল লতিফ ও তার শ্যালকের স্ত্রী সুরমা হাসান এবং হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষকের স্ত্রী মোছাম্মদ আনোয়ার নাসরিন ডিলারশিপ পেয়েছেন।

মাগুরা জেলা

মাগুরায় ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সহসভাপতি মো. কাইজার হোসেন ও সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মো. আশরাফুল ইসলাম।

এ ছাড়া মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলামের স্ত্রী মোছা. মনিরা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক এম এম রইচ উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী নাঈমা সুলতানা এবং জেলা কৃষক দলের সদস্যসচিব হিরার ভাই মোরশেদুল আলম ডিলারশিপ পেয়েছেন।

নড়াইল জেলা

নড়াইলে ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ও মোছা. জোহরা জামান তৃণা, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিক এবং লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পারভেজ।

পাশাপাশি সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেকের ছেলে মো. নাজমুল কবির এবং নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব এনামুল কবীর চন্দনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা ডিলার হয়েছেন।

বাগেরহাট জেলা

বাগেরহাটের কচুয়া ও মোল্লাহাটে বেনামে স্বজনদের নামে ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের স্ত্রী সামিয়া নাসরিন মুন্নি, কচুয়া সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্নার স্ত্রী লিমা আক্তার এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনের স্ত্রী তানিয়া ইসলামের নামে ডিলারশিপ নেওয়া হয়েছে।

এ ছাড়া মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশিদের দুই মেয়ের নামে, বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক আসফ উদ্দৌলা জুয়েল এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মেজ ভাই আ. গফফার ডিলারশিপ পেয়েছেন।

কুষ্টিয়া জেলা

কুষ্টিয়ায় ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন কুমারখালী উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা পারভীন, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম।

স্বজনদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের ছেলে আহাম্মদ হাসান আশরাফী অভিক, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের ভাই মো. ইমরান হোসাইন এবং কুমারখালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের স্ত্রী উম্মে সারমা পারভীন রুনা ডিলার হয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গায় ডিলারশিপ পেয়েছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু।

এ ছাড়া জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের স্ত্রী মোছা. তাসরিন আক্তার, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী শারমীন আক্তার লিপি এবং দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন মোল্লার মেয়ে মোছা. ফারজানা ইয়াসমিন মেঘলা ডিলারশিপ পেয়েছেন।

মেহেরপুর জেলা

মেহেরপুরে ডিলারশিপ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এবং কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবদ্দিন।

পাশাপাশি পৌর বিএনপির সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সুর স্ত্রী মা রুমা খাতুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেনের স্ত্রী শান্তিয়ারা খাতুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফের ছেলে তানভির আহমেদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মহাম্মদের ভাই এনামুল হক ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া সদর উপজেলার বুড়িপোতায় বিএনপি নেতা ফজলুর ছেলে মোহাম্মদ মামুন দীর্ঘদিন কুয়েত প্রবাসী হয়েও সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।